বাংলার রাজনৈতিক পালাবদলের পর থেকেই টলিউডের একাধিক তারকাকে নিয়ে চলছে নানা আলোচনা। তবে সেই আবহের মধ্যেও অভিনেতা তথা সাংসদ দেবকে ঘিরে আলাদা আগ্রহ দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সক্রিয় মুখ হলেও কখনও বিরোধী দলকে আক্রমণ করতে দেখা যায়নি তাঁকে। বরাবরই রাজনৈতিক মত আলাদা হলেও সকলের সঙ্গে সম্মান রেখেই কথা বলতে পছন্দ করেন অভিনেতা। এমনকি টলিউডের বিভিন্ন কাজেও বিরোধী রাজনৈতিক মতের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই সরকার বদলের পর অনেক তারকাকে নিয়ে কটাক্ষ হলেও দেবকে নিয়ে তেমন বিতর্ক তৈরি হয়নি। সম্প্রতি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে দেবের মন্তব্য সামনে আসতেই তা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তাঁর “মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে, থাকবে” মন্তব্যটি এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
দেবকে নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক অবস্থান আলাদা হলেও দেব সম্পর্কে ইতিবাচক কথাই বলেন তিনি। রূপার কথায়, “দেব সব সময় সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসে। ও আমার ছোট ভাইয়ের মতো। ও সব সময় ব্যান কালচারের বিরুদ্ধে কথা বলেছে।” এই মন্তব্যের পর থেকেই টলিউডে দেবের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে ইন্ডাস্ট্রিকে একসঙ্গে ধরে রাখার পক্ষেই সব সময় কথা বলেছেন দেব। তাঁর আচরণেও সেই বিষয়টি বহুবার উঠে এসেছে। রাজনৈতিক মতের জন্য কাউকে আলাদা করে না দেখার প্রবণতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলেই মত ইন্ডাস্ট্রির একাংশের।
অন্যদিকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও দেবের সম্পর্ক বরাবরই ভালো। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মিঠুন তাঁকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন বলে টলিপাড়ায় পরিচিত। রাজ্যে বিজেপির জয়ের পর দেবকেও নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। সেই সময় অভিনেতা স্পষ্ট করে দিয়েছিলেন, ভবিষ্যতে তিনি মূলত টলিউড ইন্ডাস্ট্রির কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। রাজনীতিতে খুব বেশি সক্রিয়ভাবে আর জড়াতে চান না বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের শিল্প ও বিনোদন জগত নিয়ে তাঁর আগ্রহ এখনও একই রকম রয়েছে। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অভিনেতা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে দেবকে প্রশ্ন করা হয়, তিনি যেমন মেদিনীপুরের ভূমিপুত্র, তেমনই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মেদিনীপুরের মানুষ। এই বিষয়টি তিনি কীভাবে দেখছেন? প্রশ্ন শুনে হেসেই জবাব দেন দেব। অভিনেতার কথায়, “ভালোই তো! মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে, থাকবে।” খুব ছোট্ট হলেও তাঁর এই মন্তব্য এখন রাজনৈতিক ও বিনোদন মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ, রাজ্যের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দেবের এই সংযত প্রতিক্রিয়া অনেকের নজর কেড়েছে। কোনও বিতর্কে না গিয়ে নিজের জেলার গুরুত্বকেই সামনে আনেন অভিনেতা। তাঁর এই মন্তব্যকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন।
আরও পড়ুনঃ “অভিনেত্রীর জীবনটাই যেন এক সিনেমার গল্প!” শাশুড়ির চোখে ছিলেন ‘খারাপ লাইনের মেয়ে’, পর্দায় ‘আদর্শ মা’ হলেও বাস্তবে কোনদিন মা হওয়ার সুখ পাননি! অসংখ্য ক’ষ্ট আর নিঃশব্দ সংগ্রাম পেরিয়ে কীভাবে আজও হাসিমুখে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মৌসুমী সাহা?
প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে দাবি জানিয়ে আসছিলেন দেব। তাই নতুন সরকারের কাছে এই বিষয়ে তাঁর প্রত্যাশাও রয়েছে। শুধু ঘাটাল নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও আগের জায়গায় ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী অভিনেতা। ইন্ডাস্ট্রি যেন রাজনৈতিক বিভাজনের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই দাবি এখন টলিপাড়ার বহু মানুষের। দেবও একইভাবে চান বাংলা ইন্ডাস্ট্রি আবার আগের মতো স্বাভাবিক পরিবেশে ফিরুক। রাজনীতি নয়, কাজ এবং ভালো কনটেন্টই যেন ভবিষ্যতে মূল বিষয় হয়ে ওঠে, সেই আশাই করছেন অভিনেতা ও তাঁর অনুরাগীরা।






